স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা

লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী নামে এক ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে ভুক্তভোগী ছাত্রীর মা কালীগঞ্জ থানায় মামলাটি করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর কানার বাজার এলাকায় নিজ বাড়িতে ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত ইউসুফ আলী একই এলাকার মৃত আছমত আলীর ছেলে। তিনি রংপুরের নিউ রূপসী বাংলা নামে একটি ক্লিনিকের পরিচালক। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের ক্লিনিকে চিকিৎসা নেয়ার সুবাদে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে ইউসুফ আলীর পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। বৃহস্পতিবার দুপুরে মা শহরে গেলে বাড়িতে একা ছিল ওই ছাত্রী। এ সময় মায়ের মোবাইল নম্বর নেয়ার অজুহাতে ইউসুফ বাড়িতে প্রবেশ করে। পরে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওই ছাত্রী মোবাইল ফোনে তার মাকে বিষয়টি জানায়। মা বাড়ি ফিরে প্রথমে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীর মা বলেন, ‘আমার মেয়ের জীবন যে নষ্ট করেছে, আমি তার বিচার চাই। আমরা গরিব মানুষ। আসামিরা প্রভাবশালী। টাকার অভাবে মেয়ের দুটি পরীক্ষা করাতে পারিনি। ওষুধ কেনারও টাকা নেই।’ তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে ইউসুফ আলী নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ধর্ষণের অভিযোগে মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।