হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইব্রেকারে কষ্টের জয় উখিয়ার # ম্যান অব দ্যা ম্যাচ আকিব

প্রতিনিধি, কক্সবাজার: ‎হাড্ডাহাড্ডি লড়াই আর টানটান উত্তেজনার ম্যাচে টাইব্রেকারে কষ্টার্জিত জয় পেয়েছে উখিয়া উপজেলা খেলোয়াড় সমিতি ফুটবল দল। নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াড়রা একে অপরের গোলমুখে একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। ‎টাইব্রেকারে উখিয়ার খেলোয়াড়রা ঠান্ডা মাথায় সুযোগগুলো কাজে লাগিয়ে প্রতিপক্ষকে পরাজিত করে জয় নিশ্চিত করেন। পুরো ম্যাচজুড়ে উখিয়ার খেলোয়াড়দের দারুণ লড়াকু মনোভাব ও সমন্বিত নৈপুণ্য দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে। উখিয়ার গোলকিপার হিরু সাডেন ডেথ ৫/৬ বলের টাইব্রেকারের শেষ বলে দুর্দান্ত সেভ করে দলের জয় নিশ্চিত করেন। তাঁর অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষের শেষ শটটি রুখে দিয়ে উখিয়াকে এনে দেন কষ্টের জয়। শেষ বলের সেই সেভে মাঠজুড়ে উল্লাসে মেতে ওঠেন উখিয়ার খেলোয়াড় ও সমর্থকেরা। ‎শেষ মুহূর্ত পর্যন্ত জমজমাট লড়াইয়ের পর টাইব্রেকারে জয় পাওয়ায় উখিয়া দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। এ জয়ে পরবর্তী ধাপে উখিয়ার আত্মবিশ্বাস আরও বাড়বে বলে মনে করছেন আগত দর্শক ও ক্রীড়া সংগঠকরা। অপরদিকে কুতুবদিয়া উপজেলার চেষ্টারও কোনো কমতি ছিল না। পুরো ম্যাচজুড়ে তারা দুর্দান্ত লড়াই করে উখিয়াকে চাপে রাখে। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি জমে ওঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে সমতা থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে ভাগ্য সহায় না হওয়ায় কুতুবদিয়াকে হার মেনে নিতে হয়। কুতুবদিয়া উপজেলা দলের হয়ে জাতীয় তারকা হাসান মুরাদ টিপুসহ অতিথি খেলোয়াড়রা দুর্দান্ত খেলা উপহার দেন। খেলা শেষে বিজয়ী দল উখিয়ার অন্যতম খেলোয়াড় আকিব এর হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি ও আমন্ত্রিত অতিথিরা। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন, জাহাঙ্গীর আলম, সহকারী রেফারী মোহাম্মদ আলী, আরমান শিবলী, আব্দুল্লাহ রানা ও ম্যাচ কমিশনার ছিলেন ছৈয়দ করিম। কোয়ার্টার ফাইনালে আকিব, সেরু, সাহেদ ও শেখ জামালদের পরীক্ষা নবগঠিত মাতামুহুরি উপজেলা খেলোয়াড় সমিতির সাথে। আগামী ২৯ আগস্ট (শনিবার) বিকাল ৩ টায় কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হবে। #####