সয়ংক্রিয় ভিসা বাতিল, ৯৮৫ প্রবাসীর তথ্য আমিরাত সরকারকে পাঠাল দূতাবাস
Tuesday, August 04, 2026
কক্সটিভি নিউজ ডেস্ক::
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ছুটিতে দেশে এসে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের শিকার হওয়া ৯৮৫ জন প্রবাসীর প্রাথমিক তালিকা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কূটনৈতিক ও আইনি সহায়তা দেওয়ার অংশ হিসেবে জমা পড়া আড়াই হাজার আবেদনের মধ্যে তথ্য যাচাই-বাছাই করে এই নির্ভুল তালিকা তৈরি করা হয়।
সম্প্রতি আমিরাত প্রবাসী অনেক কর্মী দেশে ছুটিতে আসার পর তাদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। এতে সময়মতো কর্মস্থলে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েন তারা। উদ্ভূত পরিস্থিতিতে সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সরব হওয়ার পাশাপাশি সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানান ভুক্তভোগীরা।
প্রবাসীদের এই ভোগান্তি নিরসনে গত ৩১ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস যৌথভাবে উদ্যোগ গ্রহণ করে। তথ্য সংগ্রহের জন্য চালু করা হয় বিশেষ হটলাইন নম্বর ও ইমেইল ঠিকানা।
দূতাবাস সূত্রে জানা গেছে, হটলাইন ও ইমেইলের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার জন ভুক্তভোগী প্রবাসী তাদের স্ব-স্ব তথ্য জমা দিয়েছেন। তার মধ্য থেকেই নিবিড় অনুসন্ধানের মাধ্যমে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত হয়ে প্রথম ধাপে ৯৮৫ জনের তালিকা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি ইউএই সরকারের কাছেও হস্তান্তর করা হয়েছে।
এই তালিকার ওপর ভিত্তি করে ইউএই কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক আলোচনা ও যোগাযোগ জোরদার করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে ভিসা জটিলতা দূর করে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কর্মস্থলে ফেরার পরিবেশ তৈরির লক্ষ্যে সরকার ও দূতাবাস আন্তরিকভাবে কাজ করছে।



