নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাইয়ের নির্দেশ বিএনপি নেতার

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানে গণধোলাই দেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। আজ বুধবার সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এনসিপির ব্যাপারে নেতাকর্মীদের এ নির্দেশ দেন তিনি। তিনি বলেন, ‘ডার্বি নাসীর নামে পরিচিত এই পাটওয়ারী কিছুদিন ধরে অযাচিত বক্তব্য দিয়ে যাচ্ছে। সে বলছে, তাদের তিন দাবি মেনে নিলে নাকি ঢাকা শহরে আর কোনো ককটেল ফুটবে না। এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতা। শুধু নাসীরই নয় এনসিপির নেতারা যে বক্তব্য দিচ্ছে তা রাজনীতির পরিবেশকে নষ্ট করছে। তাদের প্রতিহত করতে না পারেলে দিন দিন তাদের আস্ফালন বেড়ে যাবে। তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দিতে হবে।’ এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ঢাকা শহরে ককটেল বিষয়ে বক্তব্য দেওয়ায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। বক্তব্যের বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী কালবেলাকে বলেন, ‘কিছুদিন ধরে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যরাও প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে যে বক্তব্য দিচ্ছেন তা শিষ্টাচার বহির্ভূত। এ ধরনের বক্তব্য দেওয়ার পরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদলসহ আমাদের নেতাকর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।’