অশ্রুসিক্ত বিদায়ে সাবেক সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদার, জানাজায় উপস্থিত সেনা কর্মকর্তারাও
Sunday, September 13, 2026
আর.জে রাফি, কক্সটিভি উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদার আর নেই। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি আমির মুহাম্মদ সিকদারের চতুর্থ পুত্র। ১৯৬৩ সালের ১৫ জুন জন্মগ্রহণকারী মাহমুদুল হক সিকদার দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
সেনাবাহিনীর আর্টিলারি কোরে সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করে ধীরে ধীরে নন-কমিশন্ড অফিসার (এনসিও) হিসেবে সার্জেন্ট পদে উন্নীত হন তিনি। পরবর্তীতে ২০০৩ সালের ১১ জুন বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।
চাকরিজীবনে তিনি বিভিন্ন দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রায় পাঁচ বছর গোয়েন্দা মহাপরিচালকের কার্যালয়—ডিজিএফআইতে কর্মরত ছিলেন। কর্মজীবনে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।
সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের সিকদারপাড়ায় নিজ বাসভবনে বসবাস করে আসছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত ও গুণগ্রাহী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাবেক সেনা সদস্যদের পাশাপাশি সেনা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর স্বজন, সহকর্মী ও এলাকাবাসী।



