উখিয়ার 'মাদক কারবারি' জয়নাল টঙ্গীতে ইয়াবাসহ গ্রেপ্তার
Sunday, September 13, 2026
কক্সটিভি প্রতিবেদক:::
কক্সবাজারের উখিয়ার রত্নাপালংয়ের জয়নাল আবেদীন (৫২) নামে এক ব্যক্তিকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ আগস্ট রাত ৮টা ৩৫ মিনিটে টঙ্গী পশ্চিম থানার মাছিমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নিয়মিত মাদকবিরোধী অভিযানে জয়নাল আবেদীনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তার জয়নাল আবেদীন কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তেলীপাড়া গ্রামের বাসিন্দা জলিল আহমেদ ড্রাইভারের ছেলে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



