কক্সবাজারে দুই হাজার আইফোন ও একশো ল্যাপটপসহ চীনের ৬ নাগরিক আটক
Friday, September 04, 2026
আহসান সুমন, কক্সবাজার :
কক্সবাজারে প্রায় ২ হাজার মূল্যবান আইফোন এবং একশ' ল্যাপটপসহ চীনের ৬ নাগরিককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে কক্সবাজার শহরের হোটেল সী-প্যালেস থেকে তাদের আটক করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃতদের কাছ থেকে ২ হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু জিনিসও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
কয়েক মাস ধরে শতাধিক চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন বলে অভিযোগ আছে। বাকীদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে বলে জানা পুলিশ জানিয়েছে।
আটককৃত ৬ চীনা নাগরিকের বিরুদ্ধে অনলাইনে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রামু থানায় সাইবার আইনে মামলা দায়ের করে তাদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের কারাগারে প্রেরণের আদেশ দেয়।



