ভারুয়াখালীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার: দুর্ভোগ লাঘবে ছাত্র ও তরুণ সমাজের প্রশংসনীয় উদ্যোগ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বড় চৌধুরী পাড়ায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি গ্রামীণ সড়ক সংস্কার করেছেন স্থানীয় ছাত্র ও তরুণ সমাজ। সামাজিক সংগঠন ‘নিবৃত আলোর শিখা—ছাত্র ও শ্রমিক সংগঠন’-এর উদ্যোগে এ সংস্কার কাজ সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বড় চৌধুরী পাড়ার প্রধান সড়কটি খানাখন্দে ভরে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ চরমে পৌঁছালেও কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় ভোগান্তি থেকে মুক্তি পেতে কারও আশ্বাসের অপেক্ষা না করে নিজেদের উদ্যোগে মাঠে নামেন স্থানীয় তরুণ ও শিক্ষার্থীরা। সংগঠনের সদস্যরা কোদাল, ঝুড়ি ও প্রয়োজনীয় উপকরণ নিয়ে রাস্তায় নেমে আসেন এবং স্বেচ্ছাশ্রমে খানাখন্দ ভরাট করে চলাচলের উপযোগী করে তোলেন। তরুণদের এমন মানবিক ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল ও সাধারণ মানুষ। উদ্যোক্তারা জানান, সাধারণ মানুষের কষ্টকে নিজেদের কষ্ট মনে করেই তাঁরা এ কাজে এগিয়ে এসেছেন। শুধু অভিযোগ বা অপেক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।