মাদকের বিরুদ্ধে কথা বলায় সাঈদির ওপর হামলার অভিযোগ, গরুর রশি কোমরে বেঁধে নির্যাতন ও চুল-দাড়ি কেটে দেওয়ার দাবি
Tuesday, September 15, 2026
আর.জে রাফি, কক্সটিভি উখিয়া ::
মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে সাঈদির ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সাঈদি দাবি করেন, গতকাল বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে ধরে একটি বাড়িতে নিয়ে সাত-আটজন মিলে হাতুড়ি ও গাছ দিয়ে মারধর করা হয়।
তিনি আরও দাবি করেন, হামলাকারীরা তার কোমরে গরুর রশি বেঁধে টানাহেঁচড়া করেন এবং পরে তার চুল ও দাড়ি কেটে দেন। হামলাকারীরা তাকে ‘চাকরি ফিরিয়ে দেওয়ার’ জন্য চাপ দিচ্ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ছাত্রশিবির, জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরে উখিয়া থানায় এজাহার দায়ের করা হয়। এজাহারে আটজনের নাম উল্লেখ করে আরও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানা গেছে।
উখিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



