প্রতিষ্ঠান ও শেয়ারের নামে কোটি টাকা হাতিয়ে লাপাত্তা: মেহেদী হাসানের বিরুদ্ধে একাধিক জেলায় প্রতারণার অভিযোগ
Thursday, September 10, 2026
নিজস্ব প্রতিবেদক:
ব্যবসায়িক প্রতিষ্ঠানে শেয়ারহোল্ডার ও আকর্ষণীয় মুনাফার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলার সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মোঃ মেহেদী হাসান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অর্থ আত্মসাতের পর ভুক্তভোগীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
অভিযুক্ত মোঃ মেহেদী হাসান চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বাগানবাড়ি এলাকার খাগুরিয়া গ্রামের খবির উদ্দিন প্রধানের ছেলে।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, “কেয়ারগিভার” নামের একটি প্রতিষ্ঠান ও ব্যবসায়িক কার্যক্রমের আড়ালে বিভিন্ন ব্যক্তিকে অংশীদার বা কমিটির সদস্য করার লোভ দেখাতেন মেহেদী হাসান। অধিক মুনাফার আশায় কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকার বহু মানুষ তার কাছে মোটা অঙ্কের টাকা জমা দেন।
পরবর্তীতে চুক্তি অনুযায়ী লভ্যাংশ কিংবা মূল টাকা ফেরত চাইতে গেলে তিনি নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে টাকা পরিশোধের আশ্বাস দিয়ে বেশ কয়েকজন ভুক্তভোগীকে ব্যাংকের চেক প্রদান করেন তিনি। তবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় চেকগুলো ডিজঅনার (অস্বীকৃত) হয়। এরপর থেকেই অভিযুক্ত মেহেদী হাসান আত্মগোপনে চলে যান এবং যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা বিভিন্ন থানায় ও আদালতে একাধিক আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানা গেছে।
প্রতারণার শিকার ব্যক্তিরা জানান, তারা মেহেদী হাসানের অবস্থান শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছেন এবং সংশ্লিষ্ট প্রমাণাদিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তির বর্তমান অবস্থান বা কর্মস্থল সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। একইসাথে আর্থিক লেনদেনে সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার এবং যাচাই-বাছাই ছাড়া কোনো ভুঁইফোঁড় প্রতিষ্ঠানে বিনিয়োগ না করার আহ্বান জানানো হয়েছে।



