উখিয়া-টেকনাফে নাফ নদীর পোল্ডার পুনর্বাসন প্রকল্প নিয়ে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়

কক্সটিভি প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারসমূহের পুনর্বাসন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন “কক্সবাজার জেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারসমূহের (৬৭/এ, ৬৭, ৬৭/বি ও ৬৮) পুনর্বাসন প্রকল্প (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পকে ঘিরে এ সভার আয়োজন করা হয়। প্রকল্পটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প হিসেবে তালিকাভুক্ত রয়েছে। সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এমপি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি এবং স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। মতবিনিময় সভায় প্রকল্পের আওতাভুক্ত এলাকার বাসিন্দা ও সুবিধাভোগীরা অংশ নেন। এ সময় প্রকল্প বাস্তবায়ন, পোল্ডার ও বাঁধের সুরক্ষা, নাফ নদীর ভাঙন এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, উখিয়া ও টেকনাফের নাফ নদীসংলগ্ন পোল্ডার ৬৭/এ, ৬৭, ৬৭/বি ও ৬৮ পুনর্বাসনের মাধ্যমে সীমান্ত এলাকার সুরক্ষা ও অবকাঠামোগত ঝুঁকি মোকাবিলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো সীমান্তবর্তী এলাকার বাঁধ ও সংশ্লিষ্ট অবকাঠামো পুনর্বাসনের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করা।