নজরুল বর্ষের চিত্রাঙ্কনে উপজেলা প্রথম রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের শিক্ষার্থী সায়ীদাহ্ বিনতে সালাহ্ উদ্দিন স্পৃহা
Wednesday, September 23, 2026
আহসান সুমন ::
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শতবর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রামু উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সায়ীদাহ্ বিনতে সালাহ্ উদ্দিন স্পৃহা।
উপজেলা পর্যায়ের ‘গ’ বিভাগে (ষষ্ঠ–অষ্টম শ্রেণি) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নিয়ে স্পৃহা তার সৃজনশীল চিন্তাশক্তি, নান্দনিক উপস্থাপন এবং চিত্রকর্মের দক্ষতার মাধ্যমে বিচারকমণ্ডলীর প্রশংসা অর্জনের মাধ্যমে প্রথম স্থান লাভ করে।
শৈশব থেকেই মায়ের উৎসাহ-অনুপ্রেরণায় তার শিল্পচর্চার পথচলা শুরু।
শিক্ষার্থী সায়ীদাহ্ বিনতে সালাহ্ উদ্দিন স্পৃহা'র মা সাহেদা সুলতানা জানান, ধারাবাহিক অনুশীলন, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে তার মেয়ে ইতোমধ্যে চিত্রকলার বিভিন্ন অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে। জাতীয় দেয়ালিকা প্রতিযোগিতা, আর্ট বাংলাদেশ, সাহিত্য একাডেমি এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবস কেন্দ্রিক সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান আয়োজিত চিত্রাঙ্কন, রচনা, ম্যাথ এবং জিকে অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করে স্পৃহা।
স্পৃহা মনে করে, একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশে পাঠ্যশিক্ষার পাশাপাশি সৃজনশীল ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। তাই লেখাপড়ার পাশাপাশি শিল্পচর্চাকেও সমান গুরুত্ব দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে। তার এমন সাফল্যে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল, সকল শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যরা।
একই সাথে আনন্দ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্পৃহা আরও সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তারা।
এই অর্জন শুধু স্পৃহা'র ব্যক্তিগত সাফল্য নয়, বরং রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং সমগ্র রামু উপজেলাবাসীর জন্যও গর্বের বিষয়।
প্রসঙ্গত: মেধাবী শিক্ষার্থী সায়ীদাহ্ বিনতে সালাহ্ উদ্দিন স্পৃহা রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধেছুয়া পালং এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী সালাহ উদ্দিন ও সাবেক শিক্ষিকা সাহেদা সুলতানা দম্পতির প্রথম কন্যা। তারা সন্তানের জন্য সবার দোয়া চেয়েছেন।



