আহসান সুমন, কক্সবাজার ::
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটক নিহতের চাঞ্চল্যকর ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা রুজু করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত সুমন নামে একজন রিসোর্ট ম্যানেজার আটক রয়েছে।
মামলার এজাহারে তানভীর সুলতান মিয়া, তার ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোরশেদ এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ সুমনসহ ৪ জনের নাম উল্লেখ করা হয়। তবে তদন্তের স্বার্থে অপর এক আসামির নাম প্রকাশ করেনি পুলিশ। তাদের মধ্যে মোহাম্মদ সুমনকে ঘটনার দিন সন্ধ্যায় আটক করা হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান।
এর আগে শনিবার সকালে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ১০ জনের মরদেহ উদ্ধার করে। আহত হয় ৬ জন।
অন্যদিকে এখনো কয়েকজন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। নিহতদের মরদেহগুলো এখন কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা আছে।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান জেলা ম্যাজিস্ট্রেট।



