রামু প্রতিনিধি: তানিম হোসেন ইমন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী চাকমারকুল ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোর আলোচনায় রয়েছেন তৃণমূলের সুপরিচিত মুখ আবুবক্কর ছিদ্দিক মাসুক।
দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা এই সাবেক ছাত্র ও যুবনেতা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় হওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে।
আবুবক্কর ছিদ্দিক মাসুক রাজনীতির দীর্ঘ পথচলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি রামু উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক/যুগ্ম আহ্বায়ক এবং পরবর্তীতে রামু উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন। তৃণমূল নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ এবং জনগণের বিপদে-আপদে পাশে থাকার কারণে এলাকায় তিনি একজন কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত।
নির্বাচনী প্রস্তুতি ও প্রার্থিতা প্রসঙ্গে স্থানীয় সচেতন মহল ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, আবুবক্কর ছিদ্দিক মাসুক একজন সৎ, পরিচ্ছন্ন ও তারুণ্যদীপ্ত মুখ। চাকমারকুল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে তরুণ নেতৃত্বকে এগিয়ে আনা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।
এ বিষয়ে আবুবক্কর ছিদ্দিক মাসুক জানান, "আমি ছাত্রজীবন থেকেই মানুষের অধিকার আদায়ের রাজনীতিতে বিশ্বাসী। চাকমারকুল আমার প্রাণের ইউনিয়ন। এই জনপদের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি মডেল ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। দল, মত নির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনে আমি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।
জনগণ সুযোগ দিলে ইউনিয়নের নাগরিক অধিকার নিশ্চিত করতে নিজেকে উৎসর্গ করব।"
ইতিমধ্যেই তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত মতবিনিময়, গণসংযোগ ও কুশল বিনিময় শুরু করেছেন। স্থানীয় মুরব্বি ও যুবসমাজ তাকে ইতিবাচকভাবে গ্রহণ করছে, যার ফলে চেয়ারম্যান পদে চাকমারকুলের ভোটের সমীকরণে তিনি বেশ এগিয়ে রয়েছেন।



