আন্তর্জাতিক ডেস্ক:::
হরমুজ প্রণালিতে জাহাজে হামলাসহ মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে বারবার ওঠানামা করছে তেলের দাম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৯ সেন্ট কমে দাঁড়িয়েছে ১০৪ ডলার ৬৭ সেন্টে।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম কমে হয়েছে ৯৪ ডলার ৭ সেন্ট। আগেরদিন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোয় হামলায় পর বেড়ে গিয়েছিল তেলের দাম। তবে বৃহস্পতিবার সকালেই নতুন করে দরপতন হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে হামলার শিকার হয়ে ডুবে গেছে একটি কনটেইনার জাহাজ ও একটি পণ্যবাহী জাহাজ। ফলে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের পাশাপাশি তেলের বাজারে অনিশ্চয়তা চলছেই।
এদিকে গত ১০ দিনে হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরানের দাবি, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার জবাবে তারা হামলা জোরদার করছে।
মূলত, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি বাড়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ বাজারে দামের ওপর তৈরি করেছে নিম্নমুখী চাপ।
সূত্র: যমুনা র্টিভি



