কক্সটিভি নিউজ ডেস্ক:
কুমিল্লার লালমাই উপজেলায় ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থলে একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশাও পাওয়া যায়।
নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। বাবার চাকরির সুবাদে কুমিল্লায় বেড়ে ওঠা তাজমিন কুমিল্লার ফরিদা বিদ্যায়তনে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।
পরিবার সূত্রে জানা যায়, চার দিন আগে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যায় তাজমিন। পরে ওই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায় সে। সেখান থেকে বুধবার রাতে কুমিল্লার উদ্দেশে রওনা হয়। রাতে মেয়ের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার মোবাইল ফোনে কল করেন তার বাবা আবদুল আলীম। তবে কল রিসিভ না করায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে লালমাই থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সেখানে গিয়ে মেয়ের মরদেহ শনাক্ত করেন তার বাবা।
ফরিদা বিদ্যায়তনের প্রধান শিক্ষক হানিফ জানান, তাজমিন ওই বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো। তবে গত মার্চ মাস থেকে সে অন্য একটি বিদ্যালয়ে ভর্তি হয়েছে।
লালমাই থানার ওসি মিজানুর রহমান বলেন, তাজমিনের মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক সংস্থা তদন্ত শুরু করেছে।



