উখিয়া–টেকনাফে সারের সংকট: বরাদ্দ আছে, কৃষকের হাতে নেই—কোথায় যাচ্ছে সার?

আর.জে রাফি, কক্সটিভি উখিয়া :: কক্সবাজারের উখিয়া ও টেকনাফে প্রয়োজনের সময়ে পর্যাপ্ত সার না পাওয়ার অভিযোগ করছেন কৃষকেরা। সরকারি হিসাবে সার বরাদ্দ ও মজুত থাকার কথা থাকলেও মাঠপর্যায়ে চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় আমন চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, সার নিতে ডিলারদের কাছে গেলেও অনেক সময় চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। কোথাও সীমিত পরিমাণে সার দেওয়া হচ্ছে, আবার কোথাও সরবরাহের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এতে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারায় ফলন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে উখিয়া–টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ইউরিয়া সার জব্দের একাধিক ঘটনা সামনে এসেছে। সম্প্রতি উখিয়ার মরিচ্যা এলাকায় একটি ট্রাক থেকে প্রায় ১৫ টন ইউরিয়া সার জব্দ করা হয়। এর আগেও সীমান্তের বিভিন্ন পয়েন্টে ইউরিয়া সার জব্দ ও আটকের ঘটনা ঘটেছে। এতে প্রশ্ন উঠেছে, কৃষকের জন্য বরাদ্দ করা সার কীভাবে সীমান্ত এলাকায় যাচ্ছে এবং সরবরাহ ব্যবস্থার কোথায় ঘাটতি রয়েছে। তবে এসব ঘটনায় কারা জড়িত বা স্থানীয় কোনো ডিলার এর সঙ্গে সম্পৃক্ত কি না, তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কৃষকদের দাবি, সরকারি বরাদ্দের সার যথাসময়ে ও ন্যায্যমূল্যে তাদের হাতে পৌঁছানো নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডিলার পর্যায়ে সরবরাহ ও বিক্রির হিসাব কঠোরভাবে তদারকি এবং সীমান্ত দিয়ে সার পাচার বন্ধে নজরদারি বাড়াতে হবে। কৃষি বিভাগের দাবি, জেলায় সামগ্রিকভাবে সারের সরবরাহ রয়েছে এবং ডিলারদের মাধ্যমে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হচ্ছে। তবে মাঠপর্যায়ে প্রকৃত চাহিদা, বরাদ্দ, ডিলারদের উত্তোলন ও কৃষকদের কাছে বিক্রির হিসাবের মধ্যে কোনো অসঙ্গতি আছে কি না—তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।