তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের



কক্সটিভি প্রতিনিধি:::

কুমিল্লার তাজমিনের মৃত্যুর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো রাজুর বিরুদ্ধে এবার মামলা হলো।


এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে সদর থানাকে নির্দেশ দিয়েছে আদালত।


তাজমিন হত্যাকাণ্ড ঘিরে একের পর এক ঘটনায় তৈরি হচ্ছে নতুন প্রশ্ন। কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করে সদর মডেল থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজারে আসে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।


তবে জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে কুমিল্লায় নেওয়া নিয়ে তৈরি হয় জটিলতা। কুমিল্লা পুলিশ তাকে নিতে অস্বীকৃতি জানালে, শেষ পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজুকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এরই মধ্যে তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় স্বপ্রণোদিতভাবে আইনি পদক্ষেপ নেন কক্সবাজারের এক আইনজীবী মোহাম্মদ রাশেদ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে সদর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আইনজীবী রাশেদ বলেন, তাজমিন কে যদি রাজু কক্সবাজার না আনতো তাহলে কুমিল্লা যাওয়ার পথে এ ঘটনা ঘটতো না এবং সে কিশোরী তাঁকে মিথ্যে তথ্য দিয়ে ভালেবাসার অভিনয় করে কক্সবাজারে নিয়ে ধর্ষণ করেছে। বিষয়টি হৃদয়ে রক্তক্ষরণ ঘটে এবং বিবেকের তাড়নায় তিনি মামলাটি করেন বলে জানান।


আদালতের এই নির্দেশের ফলে অভিযোগটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করে পরবর্তী আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথ তৈরি হয়েছে। এখন তদন্তে কী তথ্য উঠে আসে, সেটিই গুরুত্বপূর্ণ।