কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি যাত্রী দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত



আহসান সুমন, কক্সবাজার :: 

কক্সবাজারের রামুতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই শিশু যাত্রীসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। 

এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

তাদের মধ্যে এক শিশুসহ দু'জনের অবস্থা আশঙ্কাজনক।


শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সি শিশু সাহিল এবং পাঁচ মাস বয়সি মাশরুফা।


আহত ব্যক্তিরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং আরও এক শিশু। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 


কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।


রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর আহমদ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।