কুতুবদিয়ার ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ

 


 নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ৬ ইউনিয়নের মধ্যে ৫টিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।


সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কুতুবদিয়া উপজেলার ৫টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেয়া হয়।


উপজেলা নির্বাহী অফিস সূত্র জানায়, উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নে গত মাসে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রশাসক নিয়োগের ব্যবস্থা নিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।


উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদে ইউনিয়ন বিএনপির সদস্য ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার, দক্ষিণ ধুরুং ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান সিকদার, লেমশীখালী ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আজম, কৈয়ারবিল ইউনিয়নে জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ ইদ্রিস খন্দকার ও আলী আকবর ডেইল ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকতার কামাল সিকদারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, মেয়াদ উত্তীর্ণ ৫ ইউনিয়নে আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ ৫ জনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। সংশ্লিষ্ট নতুন প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে এবং তাঁরা সোমবার দায়িত্ব বুঝে নিয়ে কাজে যোগদান করেছেন।