জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক চকরিয়া উপজেলার চিরিঙ্গা বাজার ও কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০৬ টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ।
ভোক্তা অধিদপ্তরের তথ্য অনুযায়ী চিরিঙ্গা বাজার এলাকায় নিউ মিষ্টি রাজ কে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা, জাকারিয়া ফ্রুট সেন্টার কে ফলের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা, নিজাম ফল বিতান কে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা, কাঁচা বাজার এলাকায় নিউ রাজ ভবন হোটেল কে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য সামগ্রী উৎপাদন করা, খাদ্য কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্য বিধি প্রতিপালন না করার অপরাধে ৫ হাজার টাকা, মুড়ি বিতানকে মোড়কজাত পণ্যে এমআরপি না থাকায় ৫ হাজার টাকা এবং আল কাদের স্টোরকে উৎপাদনের তারিখ, মেয়াদ, এমআরপি বিহীন মোড়কজাত শিশু খাদ্য বিক্রি এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ১০ হাজার টাকাসহ মোট ৩১ হাজার টাকা জরিমানা।করা হয়। এছাড়াও মিষ্টির দোকান, ফার্মেসী, সুপার শপ, কুলিং কর্নার ইত্যাদি তদারকি করা হয়েছে।
এছাড়াও মূল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে নিবিড় তদারকি করা হয়েছে। তদারকি চলাকালীন উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করা হয়েছে এবং আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পরামর্শ প্রদান করা হয়েছে।



