ভারত থেকে ভেনামি চিংড়ি পোনার ডিম আমদানির অনুমতি বাতিলের দাবি শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশনের

আহসান সুমন, কক্সবাজার :: দেশের চিংড়ি সেক্টরকে ধ্বংস করার জন্য ভারত থেকে ভেনামি চিংড়ি পোনার ডিম আমদানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন। বুধবার দুপুরে কক্সবাজারে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের সভাপতি কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি লুৎফুর রহমান কাজল জানান, ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি (পোনার ডিম) আমদানির ফলে দেশীয় চিংড়ি শিল্প মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এতে স্থানীয় হ্যাচারি, চাষি ও সংশ্লিষ্ট লক্ষাধিক মানুষের জীবিকা হুমকির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি বিদেশি নপলি আমদানির মাধ্যমে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে, যা দেশের চিংড়ি উৎপাদনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এসময় দেশীয় হ্যাচারিগুলোর সক্ষমতা থাকা সত্ত্বেও আমদানি নির্ভরতা অযৌক্তিক ও ক্ষতিকর। তাই অবিলম্বে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিল করে দেশীয় শিল্প সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বাংলাদেশের একটি মাত্র যে প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দেয়া হয়েছে তাদের কোন পোনার হ্যাচারী নেই, তেমনিভাবে ভারতের যে প্রতিষ্ঠান থেকে এই নপলি বা চিংড়ি পোনার ডিম আমদানি করা হবে সেই প্রতিষ্ঠানেরও কোন হ্যাচারী নেই। মোট ৪২ কোটি নপলি বা পোনার ডিম আমদানির অনুমতি দেয়া হলেও সিন্ডিকেট চক্র ৪২ কোটির জায়গায় দু'শ বা তিনশো কোটি নপলি বা পোনার ডিম আমদানির করার পায়তারা করছে। সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব গিয়াস উদ্দিনসহ নেতৃবৃন্দ এবং চিংড়ি শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।