‘নির্বাচনে কোন দল কত আসন পাবে, আগেই ঠিক করা ছিল’
Monday, February 16, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত আসন পাবে তা আগেই নির্ধারিত ছিল এবং জনগণের ভোট ‘চুরি’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংযুক্ত আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরা ২৪ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণ এনসিপির ওপর আস্থা রেখেছিল। তিনি বলেন, “একজন ৯০ বছরের বৃদ্ধা সাভার থেকে আমাকে ভোট দিতে এসেছিলেন, যিনি কথা বলতে পারেন না। একজন ক্যান্সার রোগীও ভোট দিতে এসেছিলেন। কিন্তু এই মানুষের ভোট চুরি করা হয়েছে।”
তিনি দাবি করেন, এনসিপি যেসব আসনে জয় পেয়েছে, সেখানে প্রবাসীদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, “প্রবাসীরা অভূতপূর্বভাবে আমাদের প্রতীক ‘শাপলা কলি’ এবং ১১ দলীয় জোটকে ভোট দিয়েছেন। দেশের কঠিন সময়ে যেমন তারা গণঅভ্যুত্থানে পাশে ছিলেন, তেমনি নির্বাচনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের এই ঋণ কোনো কিছু দিয়েই শোধ করা সম্ভব নয়।”


