রমজানে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থান টেকনাফে মনিটরিং, অনিয়মে গ্যাস ব্যবসায়ীকে জরিমানা
Monday, February 23, 2026
টেকনাফ প্রতিনিধি :
রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কক্সবাজারের টেকনাফে বাজার তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে হ্নীলা বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়মের দায়ে এক গ্যাস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে বাজারের দোকানপাট পরিদর্শন করেন। মূল্যতালিকা প্রদর্শনে ব্যর্থতা ও ভোক্তা-স্বার্থবিরোধী কার্যক্রমের অভিযোগে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
প্রশাসন ব্যবসায়ীদের সতর্ক করে জানায়, রমজান মাসে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।



