কক্সবাজারে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন; সমঅধিকারে গুরুত্বারোপ
Thursday, March 12, 2026
সংবাদ বিজ্ঞপ্তি :
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যে কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থা ব্র্যাকের সহযোগিতায় কক্সবাজার পৌরসভা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষ্যে সকালে কক্সবাজার পৌরসভা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শামীম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা সায়েদুল হক আজাদ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, নারীদের অবহেলার কোন সুযোগ নেই। প্রতিবছর সারা বিশ্বের ন্যায় ‘আন্তর্জাতিক নারী দিবস’ আমরা যথাযথ সম্মানের সাথে পালন করে থাকি। অসমতা পুরুষের সাথে নয় সেটা হয়ে থাকে নারীদের সাথে। নারীদেরকে একজন মা-বোন বা স্ত্রী না ভেবে তাকে প্রথমত একজন মানুষ ভাবা আমাদের প্রত্যেকের উচিত।
এমনকি তাদের শ্রমের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। নারীদের প্রতি সমবেদনা নয়, তাদের সকল অধিকারের নিশ্চয়তা প্রদান করা আমাদের কর্তব্য। প্রধান অতিথি আরও বলেন, প্রতিটি কর্মক্ষেত্রে নারীদের জন্য যদি আমরা একটি কমফোর্ট রুমের ব্যবস্থা রাখতে পারি তাহলে নারী-কর্মীরা তাদের কর্মক্ষেত্রে একদিকে যেমন ব্যক্তিগত কাজ করতে স্বাচ্ছন্দ্য ও নিরাপদবোধ করবে পাশাপাশি দাপ্তরিক কাজও তারা সুন্দরভাবে করতে পারবেন।
এসময় কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর হেলেনাজ তাহেরা, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিটি কো-অর্ডিনেটর মোস্তাক আহাম্মদ, ডেপুটি ম্যানেজার মো. হাসান রেজাউল করিম, জেন্ডার এন্ড জাস্টিস প্রোগ্রামের ফারহানা ইসলামসহ পৌরসভার হেলথ সেকশনের নারী কর্মচারী, নারী পরিচ্ছন্ন কর্মী, নারী রিসাইকেলার, নারী ভলান্টিয়ার ও টাউন ফেডারেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্র্যাকসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



