হারবাংয়ে দোলনায় খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু
Tuesday, March 10, 2026
কক্সটিভি প্রতিবেদক::
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে বাড়ির উঠানে দোলনায় খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আকরিদা জান্নাত (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা তৈল্লার বিল এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আকরিদা জান্নাত দুবাই প্রবাসী জিয়াউর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি ফোরকানিয়া মাদ্রাসার ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে আকরিদা নিজ বাড়ির উঠানে দোলনায় খেলছিল। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত তার গলায় থাকা ওড়না দোলনার সাথে পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্র জানায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কিছুদিন আগে আকরিদার জন্য নতুন পোশাক কেনা হয়েছিল। কিন্তু সেই আনন্দের আগেই এমন করুণ মৃত্যু পরিবার ও এলাকাবাসীকে গভীরভাবে শোকাহত করেছে।



