উখিয়ায় সেহরির সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

কক্সটিভি প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় সেহরি খাওয়ার সময় ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৩ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় নিজ বসতঘরে সেহরি খাওয়ার সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। হঠাৎ চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে লালা বিবিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহতের স্বামীর বড় ভাই আবদুল আলম কক্সটিভিকে জানান, লালা বিবির গলা ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরিবারের ধারণা, তাকে শ্বাসরোধ ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। পরিবার আরও দাবি করেছে, তাদের সঙ্গে পূর্ব থেকে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ ঘটনার পেছনে সেই বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। এ বিষয়ে উখিয়া থানা–র অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম্মদ কক্সটিভিকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল–এ পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি। ঘটনার পর থেকে পূর্ব মরিচ্যা এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।