মাইশা ফাহমিদা রুহী, কক্সটিভি::
উপকূলীয় অঞ্চলে পুষ্টি চাহিদা পূরণ এবং আত্ম কর্মসংস্থানের নতুন ক্ষেত্র হিসেবে মাশরুমের তাত্ত্বিক ও ব্যবহারিক সম্ভাবনা তুলে ধরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) কক্সবাজার জেলা সদরের ঝিলংজায় অবস্থিত হর্টিকালচার সেন্টারের হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় স্থানীয় ৩০ জন নারী-পুরুষ উদ্যোক্তা অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. কুতুব উদ্দিন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক। এছাড়াও সেশন পরিচালনা করেন জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক তপন কুমার রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও হর্টিকালচার সেন্টারের উদ্যেন কর্মকর্তা উপসহকারী আকবর হোসেন সিদ্দীকী।
দিনব্যাপী এই সেশনে প্রশিক্ষকগণ মাশরুমের স্বাস্থ্যগত গুণাগুণ, কম খরচে উৎপাদন পদ্ধতি, কাঁচামাল সংগ্রহ, বীজের সঠিক পরিচর্যা এবং বাণিজ্যায়ন সম্পর্কিত নানা কৌশল তাত্ত্বিক ও ব্যবহারিক প্রদর্শনী সহকারে বিস্তারিত তুলে ধরেন।
কৃষি কর্মকর্তারা জানান, মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও ভেষজ গুণসম্পন্ন খাদ্য। কম জমিতে এবং অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা গড়ে তোলার ক্ষেত্রে মাশরুম চাষ তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য এক সম্ভাবনাময় পথ হতে পারে।
প্রশিক্ষণ পর্ব শেষে অংশগ্রহণকারী ৩০ জন প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে মাশরুমের বীজ (স্পন) ও সফলভাবে প্রশিক্ষণ শেষের সনদপত্র তুলে দেন অতিথিরা।



