উখিয়ায় বিদ্যুৎ সংকটে বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা
Friday, April 24, 2026
আর.জে রাফি (নিজস্ব প্রতিবেদক) :;
কক্সবাজারের উখিয়া উপজেলা এলাকায় চলমান বিদ্যুৎ সংকট সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলেছে এসএসসি পরীক্ষার্থীদের। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, যা আসন্ন পরীক্ষাকে ঘিরে তৈরি করছে বাড়তি উদ্বেগ।
শিক্ষার্থীরা জানান, বিশেষ করে রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় ঠিকমতো পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। অনেকেই মোমবাতি বা বিকল্প আলোর সাহায্যে পড়তে বাধ্য হচ্ছে, যা দীর্ঘ সময় ধরে কার্যকর নয়। এতে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।
অভিভাবকরা বলেন, এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিদ্যুতের এমন অনিয়মিত সরবরাহ তাদের প্রস্তুতিকে ব্যাহত করছে। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে পরীক্ষার ফলাফলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন, অন্তত পরীক্ষার সময়টুকু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করতে।
শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।



