রোহিঙ্গা প্রকল্পের টাকায় চলছে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ ভ্রমণ

মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের বাস্তবতায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী ও কক্সবাজারের স্থানীয়দের জীবনমান উন্নয়নে বরাদ্দকৃত তহবিলের অর্থে চলছে বিদেশ ভ্রমণ। সম্প্রতি এই তহবিলের টাকায় ইউরোপের তিন দেশ ভ্রমণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিব (এপিএস)। দেশ তিনটি হলো ফ্রান্স, ইতালি ও তুরস্ক। রোহিঙ্গা জনগোষ্ঠী ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত উন্নয়নে একটি প্রকল্প নিয়ে কাজ করছে সরকার। বিশ্বব্যাংকের অর্থায়নপুষ্ট ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট (ইএমসিআরপি) নামের প্রকল্পটি বাস্তবায়ন করছে এলজিইডি মন্ত্রণালয়। দেশের বিদ্যমান পরিস্থিতিতে যেখানে সাশ্রয়ের ওপর জোর দেওয়া হচ্ছে সেখানে প্রতিমন্ত্রীর পিএস ও এপিএসের এভাবে বিদেশ সফর নিয়ে প্রশ্ন উঠছে। সরকারি নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাসনিমুজ্জামান ফ্রান্স ও ইতালি সফরে পাঠানো হয়েছে। গত ১ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক আদেশে বলা হয়, তিনি ৭ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এই দুই দেশে একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন। বিশেষজ্ঞ পর্যায়ে সম্পৃক্ততা, সরকারি সংস্থা পরিদর্শন, সহযোগিতামূলক নেটওয়ার্কিং এবং জ্ঞান বিনিময়ের উদ্দেশ্যে আয়োজিত এই প্রশিক্ষণের খরচ বহন করা হবে রোহিঙ্গা প্রকল্পের বৈদেশিক প্রশিক্ষণ তহবিল থেকে। তাসনিমুজ্জামানের সঙ্গে এই সফরে আরও সাতজন কর্মকর্তা অংশ নেন। তাঁরা হলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. মনিরুল ইসলাম, সহকারী সচিব মো. কামাল হোসাইন, এলজিইডি চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ বি এম নাজমুল করিম, ইএমসিআরপি প্রকল্পের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আল আমিন ফয়সাল, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. হাসান আলী, কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইদুজ্জামান সাদেক এবং এলজিইডি ঢাকার হেল্প প্রকল্পের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. নাজমুল হক। একই সময়ে প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. তৌহিদুল ইসলাম তুরস্ক সফর করেন। গত ২৯ মার্চ স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধানের স্বাক্ষরিত আদেশে বলা হয়, তৌহিদুল ইসলাম ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত তুরস্কে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন। এই সফরের খরচ মেটানো হবে ইএমসিআরপি প্রকল্পের তহবিল থেকে। তৌহিদুল ইসলামের সঙ্গে তুরস্কে গেছেন আরও সাতজন। তাঁরা হলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. আবু আউয়াল, উপসচিব মোহাম্মদ শফিউল আলম, এলজিইডি ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার প্রকৌশলী তাসলিমা জাহান, কক্সবাজারের রামু উপজেলার প্রকৌশলী মোহাম্মদ কফিল উদ্দিন কবির, মীরসরাইয়ের উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম এবং এলজিইডি ঢাকার ইএমসিআরপি প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। — এশিয়া পোস্ট