উখিয়ায় প্রাইভেট মাদ্রাসার শিক্ষক বিরুদ্ধে ছাত্রের মাকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ, স্থানীয়ভাবে মীমাংসা

নিজস্ব প্রতিবেদক:: উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না এলাকায় অনুমোদনহীন একটি প্রাইভেট মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের মাকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বাদশা মিয়ার কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে ওই এলাকায় একটি প্রাইভেট মাদ্রাসা গড়ে তোলেন রাসেল নামের এক ব্যক্তি। মাদ্রাসায় শিক্ষার্থীদের আনা-নেওয়ার সময় অভিভাবকদের সঙ্গে যোগাযোগের সুযোগে তিনি এক ছাত্রের মায়ের মোবাইল নম্বরে আপত্তিকর বার্তা পাঠান বলে অভিযোগ করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিযুক্ত শিক্ষক তার ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না মর্মে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন বলে জানা গেছে।