টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ অভিযানে অপহৃত ৪ যুবক উদ্ধার, মুক্তিপণ চেয়েছিল ২০ লাখ টাকা
Tuesday, June 30, 2026
শফিউল শাহীন, কক্সটিভি::
কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ অভিযান চালিয়ে অপহরণকারীদের কবল থেকে চার যুবককে জীবিত উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) ও টেকনাফ মডেল থানা পুলিশ।
র্যাব জানায়, গত ২৬ জুন রাতে ফেনী থেকে টেকনাফের হ্নীলা এলাকায় এসে নিখোঁজ হন এমাম হোসেন জিসান (২৩) ও তহিদুল ইসলাম তামিম (১৯)। পরে পরিবারের আবেদনের পর ২৮ জুন দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) গোয়েন্দা তৎপরতা শুরু করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) দুপুরে র্যাব-১৫ ও টেকনাফ থানা পুলিশের যৌথ দল হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অপহরণকারীরা পালিয়ে গেলেও পাহাড়ের একটি আস্তানা থেকে চারজন অপহৃতকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন— ফেনীর দাগনভূঞার এমাম হোসেন জিসান (২৩), তহিদুল ইসলাম তামিম (১৯), মো. এমাম হোসেন (১৮) এবং হবিগঞ্জের বাহুবলের সুমন মিয়া প্রকাশ হোসাইন (২২)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, অপহরণকারীরা তাদের হাত-পা বেঁধে পাহাড়ে আটকে রেখে পরিবারের কাছে জনপ্রতি ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণের টাকা দিতে বিলম্ব হওয়ায় তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।
উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের মূল হোতা ও সহযোগীদের গ্রেপ্তারে র্যাব ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



