সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে গবেষণা পরিকল্পনা প্রণয়ন হবে-এমপি কাজল
Tuesday, June 16, 2026
বিশেষ প্রতিবেদক :
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, কক্সবাজারের "বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রস্তাবনা চূড়ান্তকরণ" শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় বঙ্গোপসাগরের মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা, প্রজনন প্রযুক্তি ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে ৯টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, কক্সবাজার-এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। খাঁচায় মাছ চাষ, সামুদ্রিক শৈবাল (সী-উইড) চাষ ও কাঁকড়া মোটাতাজাকরণ আধুনিক প্রযুক্তির প্রসারে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন প্রধান অতিথি।
ড. অনুরাধা ভদ্র, মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্যে রাখেন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল হক।
পরবর্তীতে মূল প্রবন্ধ উপস্থাপনায় তিনি কেন্দ্রের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি, সমুদ্র নির্ভর নীল অর্থনীতিতে কেন্দ্রের গবেষণার অবদান এবং ভবিষতে সম্ভাবনাময় কেন্দ্রের বিভিন্ন চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় বিশেষ অতিথি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো: লতিফুল ইসলাম।
কর্মশালায় ২টি কারিগরী সেশনে ব্লু-ইকোনমির টেকসই উন্নয়নে সম্পর্কিত ৩ টি নতুন প্রকল্প প্রস্তাবনাসহ সর্বমোট ৯টি কার্যক্রম উপস্থাপন করা হয়। নতুন প্রস্তাবনায় সামুদ্রিক হ্যাচারি শিল্পে মাইক্রোফিড/ফিড প্রস্তুতিতে দেশীয় প্রযুক্তি উন্নয়ন, ল্যান্ড ভেইজড ও স্যাটেলাইট ডাটা ব্যবহার করে বাংলাদেশর উপকূলে পটেনশিয়াল ফিশিং জোন নির্ণয় ও জলবায়ু পরিবর্তনের ফলাফল নির্ণয় ও কোরাল মাছের হ্যাচারি পর্যায়ে বহুল পোনা উৎপাদন ইত্যাদি বিষয়ে উপস্থাপনা করা হয়।
দিনব্যাপি এই কর্মশালার বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জেলা ও উপজেলা পর্যায়ে মৎস্যসহ অন্যান্য সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, হ্যাচারি মালিক, মৎস্যচাষী, উদ্যেক্তবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।



