উখিয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী আক্তার উদ্দিন টুনু আর নেই

কক্সটিভি প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা কৃষক লীগের সভাপতি কাজী আক্তার উদ্দিন (প্রকাশ কাজী টুনু) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায়, তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। কাজী আক্তার উদ্দিন টুনু দীর্ঘদিন ধরে উখিয়ার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তিনি উখিয়া উপজেলা আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা এবং উপজেলা কৃষক লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন সজ্জন, কর্মীবান্ধব ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। সর্বস্তরের নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন। তার মৃত্যুতে উখিয়ার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।