উখিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা
Thursday, June 18, 2026
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা, শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে।
আদালতে দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম তুতুরবিল এলাকার বাসিন্দা হামিদা আক্তার (৩০) সম্প্রতি কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৩ এ একটি ফৌজদারি দরখাস্ত দাখিল করেন। এতে একই এলাকার ছৈয়দ হোছন (২৮) ও আবদু শুকুর (২২)কে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, বাদীর স্বামী দীর্ঘ প্রায় ১০ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে প্রধান আসামি ছৈয়দ হোছন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্যক্ত, কুপ্রস্তাব প্রদান এবং অশালীন আচরণ করে আসছিলেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এবং বিষয়টি স্থানীয় লোকজনকে জানানোয় আসামিরা ক্ষুব্ধ হয়ে ওঠে বলে অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৪ জুন রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে গৃহবধূ প্রাকৃতিক প্রয়োজনে ঘরের বাইরে গেলে অভিযুক্ত ছৈয়দ হোছন তার ঘরে প্রবেশ করে আত্মগোপন করে। পরে তিনি ঘরে ফিরে এলে অভিযুক্ত তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে ঘরে থাকা তার ১৩ বছর বয়সী ছেলে জেগে উঠলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার আগে ঘটনাটি প্রকাশ করলে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরদিন ১৫ জুন বিকেল ৫টার দিকে ঘটনার বিষয়টি প্রতিবেশীদের জানানোর জেরে দুই আসামি তার বাড়িতে এসে তাকে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে চলে যায় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, ঘটনার বিচার চেয়ে তিনি স্থানীয় থানায় গেলে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আদালত অভিযোগটি গ্রহণ করে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করবেন বলে জানা গেছে।



