উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ
Saturday, June 27, 2026
কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
আজ দিনব্যাপী উখিয়া উপজেলার বিভিন্ন স্পটে এই পরিদর্শন কর্মসূচি পরিচালনা করা হয়।
পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী এবং কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ। এছাড়াও তাদের সাথে যুক্ত ছিলেন পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম রেজা এবং সদস্য সচিব নুরুল আমিন মেম্বারসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে প্রত্যক্ষ করেন। একই সাথে তারা স্থানীয় সর্বস্তরের জনসাধারণের সাথে গণসংযোগ ও কুশল বিনিময় করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, এলাকার টেকসই উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের সম্পৃক্ততা বজায় রাখা জরুরি। জনগণের দুর্ভোগ লাঘব করে দ্রুততম সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার জন্য তারা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উন্নয়নমূলক কর্মকাণ্ডের এই পরিদর্শনে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।



