কোটবাজারের জনপ্রিয় চিকিৎসক ডা. দিদারুল আলম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
Wednesday, June 17, 2026
আর.জে রাফি, উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার কোটবাজার জমজম মার্কেটের পরিচিত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ দিদারুল আলম চৌধুরী গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম-এর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, আইসিইউতে ভর্তি হওয়ার পর ২২ ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হলেও এখনো তাঁর জ্ঞান ফেরেনি। কর্তব্যরত চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
জানা যায়, কয়েকদিন আগে নিজ বাসায় মই থেকে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাঁকে চট্টগ্রামে নেওয়া হয়। অপারেশন শেষে হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।
মহান আল্লাহ যেন প্রিয় এই চিকিৎসককে দ্রুত সুস্থতা দান করেন — এমন প্রত্যাশা করছেন এলাকাবাসীসহ তাঁর অসংখ্য শুভানুধ্যায়ী।



