কক্সবাজারে টেলিভিশন সাংবাদিকদের সাংগঠনিক ঐক্য; অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার ২১ বছরে নতুন মেরুকরণ
Saturday, July 04, 2026
সংবাদ বিজ্ঞপ্তি :
দেশের গুরুত্বপূর্ণ পর্যটন জেলা হিসেবে কক্সবাজারের টেলিভিশন সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। এমন বাস্তবতায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক সংবাদ প্রচারের মাধ্যমে এই অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা জরুরী। এ লক্ষ্যে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের কার্যক্রমকে আরো গতিশীল এবং ত্বরান্বিত করতে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে সাগর পাড়ের তারকামানের হোটেল সায়মন বীচ রিসোর্টের হলরুমে সংগঠনের সভাপতি, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মোর্শেদূর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু।
সংগঠনের সাধারণ সম্পাদক আমানুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরটিভি প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, এটিএন বাংলার মোয়াজ্জেম হোসাইন শাকিল, এস এ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহসান সুমন, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম মিন্টু, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার তৌফিকুল ইসলাম লিপু, চ্যানেল নাইনের প্রতিনিধি শেখ সেলিম, চ্যানেল ওয়ানের প্রতিনিধি এফ এম সুমন, দেশটিভির প্রতিনিধি আবদূর রহমান, জিটিভি প্রতিনিধি ওমর ফারুক হিরু, চ্যানেল টোয়েন্টিফোরের আজিম নিহাদ, নিউজ টোয়েন্টিফোরের ইরফান উল হাসান, এটিএন নিউজের অর্পণ বড়ুয়া, স্টার নিউজের মুহিবুল্লাহ মুহিবসহ সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।
এছাড়া মাই টিভির প্রতিনিধি শাহ আলম শান্ত, যমুনা টেলিভিশনের এহসান আল কুতুবী, চ্যানেল এস এর প্রতিনিধি আয়াছ রনি, বিজয় টিভির এ এইচ সেলিম উল্লাহ, দীপ্ত টিভির হারুনর রশীদ, এখন টিভির মুহাম্মদ মোরশেদ, এশিয়ান টিভির মিজানুর রহমান, আনন্দ টিভির এস্তে ফারুক, গ্লোবাল টিভির রহিদুল কবির, গ্রীণ টিভির আবদুল্লাহ খান, নাগরিক টিভির সাইফুল ইসলাম ও মোহনা টিভির আবছার কবীর আকাশসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কক্সবাজারের টেলিভিশন সাংবাদিকদের একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা-ই এই সংগঠনের মূল লক্ষ্য। পেশাগত দক্ষতা, নৈতিক সাংবাদিকতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন জেলা কক্সবাজারকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ইতিবাচকভাবে তুলে ধরতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রাখা সময়ের দাবি। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল, কার্যকর ও সকল টেলিভিশন সাংবাদিকের অংশগ্রহণে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, সদস্যদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভা শেষে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি এম আর মাহবুব এবং জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক।



