৬ষ্ঠ বর্ষে পদার্পণ করল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন হাসিঘর ফাউন্ডেশন

আর.জে রাফি, কক্সটিভি উখিয়ার প্রতিবেদক :: শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন হাসিঘর ফাউন্ডেশন সফলতার সঙ্গে পাঁচ বছর অতিক্রম করে আজ ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সদস্য, শুভানুধ্যায়ী ও সকল স্বেচ্ছাসেবীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠার পর থেকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হাসিঘর ফাউন্ডেশন। বিগত পাঁচ বছরে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে। তারা বলেন, “অসহায়ের মুখে হাসি ফুটাবো” স্লোগানকে ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তোলাই ছিল আমাদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার জন্যও সংগঠনটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিগত দিনের প্রতিটি মানবিক উদ্যোগ এবং মানুষের মুখে হাসি ফোটানোর তৃপ্তিই তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এই দীর্ঘ পথচলায় যারা নানাভাবে সহযোগিতা, সমর্থন ও উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি সংগঠন আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। হাসিঘর ফাউন্ডেশন জানায়, তাদের পথচলা এখানেই শেষ নয়। নতুন উদ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ভালোবাসা, মানবিকতা ও সেবার আলো আরও ছড়িয়ে দিতে তারা ভবিষ্যতেও কাজ করে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনগুলোতেও মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।