রোহিঙ্গা তরুণী ইয়াবা সুন্দরী ছাবেকুন নাহার আটক

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ ছাবেকুন নাহার (২১) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে। রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসির টেকনাফ বিশেষ জোন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল বড় হাবিবপাড়ার ওই বাসায় অভিযান চালায়। অভিযানকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘর তল্লাশি করে শয়নকক্ষের বালিশের নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে ১০টি পলিপ্যাকেটে সংরক্ষিত ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই ছাবেকুন নাহারকে আটক করা হয়। ডিএনসি জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় আটক ছাবেকুন নাহারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।