দিন হবে রাতের মতো অন্ধকার কালো, শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে?

কক্সটিভি নিউজ ডেস্ক:: দুই বছরেরও বেশি সময় পর আবারও আকাশে দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য। আগামী ১২ আগস্ট ঘটতে যাচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ। এ সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে সূর্যের আলো পুরোপুরি ঢেকে দেবে। ফলে পৃথিবীর নির্দিষ্ট কিছু এলাকায় দিনের বেলাতেই নেমে আসবে রাতের মতো অন্ধকার। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, এবারের পূর্ণ সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু অংশ থেকে। এসব এলাকায় কয়েক সেকেন্ড থেকে দুই মিনিটেরও বেশি সময় পর্যন্ত সূর্য সম্পূর্ণভাবে চাঁদের আড়ালে থাকবে। এ ছাড়া ইউরোপ, আফ্রিকা এবং উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এসব জায়গায় সূর্যের একটি অংশ চাঁদের ছায়ায় ঢাকা পড়বে। বিশেষজ্ঞদের মতে, ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। অন্যদিকে স্পেনের মূল ভূখণ্ডে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯০৫ সালে। ফলে এবারের সূর্যগ্রহণ স্পেনের জন্য একটি ঐতিহাসিক মহাজাগতিক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। নাসার তথ্য অনুযায়ী, পূর্ণ সূর্যগ্রহণের ছায়াপথ বা ‘পাথ অব টোটালিটি’ প্রায় ৮ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ হবে। এটি আর্কটিক অঞ্চলের কাছ থেকে শুরু হয়ে উত্তর মেরুর পাশ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল এবং স্পেনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। গ্রিনল্যান্ডে পর্যবেক্ষকরা দুই মিনিটের কিছু বেশি সময় ধরে পূর্ণ সূর্যগ্রহণ উপভোগ করতে পারবেন। তবে স্পেনের উত্তরাঞ্চলে পূর্ণ গ্রহণের স্থায়িত্ব হবে মাত্র প্রায় ২০ সেকেন্ড। আবহাওয়া পরিষ্কার থাকলে দর্শনার্থীরা বিরল এই দৃশ্য সবচেয়ে ভালোভাবে দেখতে পারবেন। পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ কবে? নাসার তথ্য অনুযায়ী, পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ আগস্ট। এটি দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেনের বিভিন্ন এলাকা থেকে দেখা যাবে। যুক্তরাষ্ট্রে আবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৩৩ সালে। তবে সেটি কেবল আলাস্কা অঞ্চল থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। দেশটির মূল ভূখণ্ডে পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৪৪ সালে। সূত্র: নাসা