কক্সবাজারে আ.লীগের গোপন সমাবেশ, ১১৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সটিভি প্রতিবেদক::: কক্সবাজারের উখিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গোপন সমাবেশ করে না-শ-ক-তার পরিকল্পনার অভিযোগে মামলা করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) উখিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া। মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার (২৬ জুলাই) দুপুরে কুতুপালং বাজার এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের বাড়িতে নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন। পুলিশের দাবি, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের স্লোগান ও কর্মকাণ্ড থেকে নিশ্চিত হওয়া যায় তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। এজাহারে আরও উল্লেখ করা হয়, তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল এবং না-শ-ক-তার পরিকল্পনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ষ-ড়-য-ন্ত্র করছিলেন। খবর পেয়ে উখিয়া থানার একাধিক টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিলন বড়ুয়া (৪২) এবং আবু নাসের মোহাম্মদ ইমরানকে (২৪) আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির জিজ্ঞাসাবাদে বৈঠকে অংশগ্রহণ এবং অন্যদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। মামলায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল হুদা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তারেক হোসেন মানিক, উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল পাশাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের মোট ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, ঘটনার পর দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, কথিত ওই সমাবেশের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। তারা সমাবেশে অংশগ্রহণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।