উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে প্রাণ গেল মানিকের

আর.জে রাফি কক্সটিভির প্রতিবেদক :: কক্সবাজারের উখিয়া উপজেলায় টানা অতিবৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে মো. মানিক (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে জামবাগান এলাকার বাসিন্দা মো. এখেলাসের বাড়িতে খাবার খাওয়ার সময় হঠাৎ মাটির তৈরি ঘরের একটি দেয়াল ধসে পড়ে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে দেয়ালটি দুর্বল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল বলে স্থানীয়দের ধারণা। দেয়াল ধসে পড়লে মো. মানিক মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইমরুল কায়েস চৌধুরী বলেন, টানা অতিবৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। মানিকের আকস্মিক মৃত্যুতে জামবাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ মাটির ঘরগুলোতে বসবাসকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।