বন্যা মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে সরকার; কক্সবাজারে ডিপিএইচই'র ত্রাণ বিতরণে বিদ্যুৎ প্রতিমন্ত্রী
Tuesday, July 14, 2026
আহসান সুমন, কক্সবাজার :
কক্সবাজারে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার তিনি জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনের শুরুত্ব সদর উপজেলার ঝিলংজা চান্দের পাড়ায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের মাঝে কক্সবাজার জেলা ও সদর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই'র) ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে নির্বাচিত সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন,
বন্যা মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে সরকার। এবার বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। একই সঙ্গে কৃষি, মৎস্য, গবাদিপশু এবং বসতবাড়ির ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আওতায় আনা হবে।
প্রতিমন্ত্রী বলেন, অতীতে যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে, বর্তমান সরকারের আমলে তা আর চলতে দেওয়া হবে না। পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। কোথাও সুইসগেট বন্ধ রেখে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়ে থাকলে, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
তিনি আরও জানান, বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।
এর আগে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে পানিবাহিত রোগ প্রতিরোধের বিভিন্ন কিট এবং সারঞ্জামাদি বিতরণ করা হয়।
এসময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমান ও কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নাসরুল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



