উখিয়ায় ওয়াশরুম থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি ০::: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন (৩১) নামে এক এএসআইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছ। শনিবার (৮ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের ভেতর থেকে তাকে অচেতন অবস্থায় দেখতে পান ক্যাম্পের বাবুর্চি শরীফ। ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় বিষয়টি ক্যাম্পের অন্য সদস্যদের জানানো হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে ইউনিটের অধিনায়ক সিরাজ আমিন, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের উপস্থিতিতে ওয়াশরুমের স্টিলের দরজা কেটে এএসআই রুবেল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত এএসআই রুবেল হোসেন ১৪ এপিবিএনের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৯৫১৪১৬৮০৩৬। পুলিশ সদস্যের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে শুক্রবার (৭ আগস্ট) বিকালের রোলকলে তাকে অনুপস্থিত পাওয়া যায়। পরে ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত সিগারেট, গোসলের তোয়ালে, টর্চলাইট ও মোবাইল ফোন পাওয়া গেছে বলে ইন্সিডেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুম ব্যবহারের সময় তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়ে মারা যেতে পারেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ সংশ্লিষ্ট চিকিৎসকের পরীক্ষা ও আইনগত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।