টেকনাফে র্যাবের চেকপোস্টে ১ লক্ষ ইয়াবাসহ পিকআপ ও ২ মাদক কারবারি গ্রেফতার
Thursday, August 27, 2026
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টেকনাফ ক্যাম্পের চেকপোস্টে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি ১। জাফর আলম (৫৫), পিতা-মৃত বাছা মিয়া, মাতা-বেলা বেগম, সাং- নতুন পাড়া (পান বাজারের পাশে), ০৩ নং ওয়ার্ড এবং ২। মোঃ তারেক (১৯), পিতা-মৃত জহির আহম্মেদ, মাতা-মনোয়ারা বেগম, সাং-করাচিপাড়া (জামাল বলী পুকুরের পশ্চিম পাশে), ০২ নং ওয়ার্ড উভয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের বাসিন্দা।
গত ২৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে আনুমানিক ১৭:৫৫ ঘটিকায় র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি পালনকালে টেকনাফ ক্যাম্পের মেইন গেটের সামনে টেকনাফ-কক্সবাজার সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে সংকেত দিয়ে থামিয়ে গাড়িতে থাকা ব্যক্তি ও গাড়ি তল্লাশী করে ড্রাইভারের সিটের পিছনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ (এক) লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে উপরোক্ত দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



