মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের ঘটনায় তদন্ত প্রতিবেদন ছাড়াই মনগড়া তথ্য প্রচারের অভিযোগ

আর.জে রাফি, কক্সটিভি উখিয়া :; কক্সবাজারের উখিয়ার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আগেই মনগড়া তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের একজন শিক্ষককে আগেভাগেই অপরাধী হিসেবে উপস্থাপনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগকারীদের বক্তব্য, ঘটনাটি নিয়ে এখনো কোনো তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন দেয়নি। তদন্ত শেষ হওয়ার আগেই একতরফা ও অনুমাননির্ভর একটি প্রতিবেদন ছড়িয়ে দেওয়ায় প্রকৃত ঘটনা আড়ালে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়টি পুরো ইউনিয়নের জন্য একটি গৌরবের প্রতিষ্ঠান। তাই কোনো ঘটনা ঘটলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন। তদন্তের আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা অনুচিত। তারা আরও বলেন, সামান্য একটি বিষয়কে অতিরঞ্জিত করে যারা নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন, তদন্তের মাধ্যমে তাদের প্রকৃত উদ্দেশ্যও একসময় স্পষ্ট হয়ে যাবে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে বিভ্রান্তিকর বা মনগড়া তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।