উখিয়ায় এসএসসি সাফল্যের শীর্ষে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেল ১২ জন

আর.জে রাফি , কক্সটিভি উখিয়া : এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের উখিয়ার ঐতিহ্যবাহী পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। প্রকাশিত ফলাফলে বিদ্যালয়ের সাধারণ ও কারিগরি শাখা মিলিয়ে মোট ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। একই সঙ্গে সম্মিলিত পাশের হারে বিদ্যালয়টি উখিয়া উপজেলায় তৃতীয় স্থান অর্জন করেছে। বিদ্যালয়ের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সাধারণ শাখায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা জিপিএ-৫ অর্জন করেছে। পাশাপাশি কারিগরি শিক্ষা শাখা থেকেও ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করে বিদ্যালয়ের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে। কারিগরি শাখার এই সাফল্যের পেছনে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। কারিগরি শাখার সিনিয়র শিক্ষক আশেক উল্লাহ, আইইউটি সিনিয়র শিক্ষক লুথপুর রহমান (ট্রেড—সিভিল) এবং সহকারী শিক্ষক মোহাম্মদ আক্তার ও রাসেল-এর আন্তরিক প্রচেষ্টা ও পাঠদানের ফলে ওই শাখা থেকে দুটি জিপিএ-৫ অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল হোসেন এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফলই এ অর্জন। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ ফলাফলকে ঘিরে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। এ সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।