একরামুল হত্যা: সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ

কক্সবাজারের টেকনাফে ২০১৮ সালে কথিত একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার সকালে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২-এ মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আসামিদের মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন আবদুর রহমান বদি, আনোয়ার লতিফ খান ও মাহাবুব আলম। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ২৭ জুলাই রাতে মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।