পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

কক্সটিভির প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ সিফাতকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযান পরিচালনা করে তাকে টেকনাফ থেকে গ্রেপ্তার করে। র‌্যাব জানায়, ১০ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মহেশখালীয়া পাড়া বটতলী বাজার এলাকায় যৌথ অভিযান চালায় আভিযানিক দল। অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মোহাম্মদ সিফাতকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, পেকুয়ার এক মালয়েশিয়া প্রবাসীর ঘরের দরজা খোলা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে গত ২৬ জুন রাতে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ধারালো কিরিছ ও লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে ভুক্তভোগী ও তার বাবাকে মারাত্মকভাবে জখম করে। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদীর পিতাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৮ জুন পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে সিফাত চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। আইনি কার্যক্রম গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।